• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানুষকে অনাহারে রেখে যুক্তরাষ্ট্রে আনন্দ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২:২১
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২:২১

98856 2

মানুষকে অনাহারে রেখে যুক্তরাষ্ট্রে আনন্দ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে অনাহারে রেখে যুক্তরাষ্ট্রে আনন্দ ফুর্তি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানুষকে অনাহারে রেখে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে প্রধানমন্ত্রী ১৬৭ জন ঘনিষ্ঠ লোক নিয়ে ১৮ দিনের সফরে আমেরিকা গেছেন। উনার কাজ মাত্র এক ঘণ্টার। জাতিসংঘের অধিবেশনে একটি বক্তৃতা দেয়া। কোন সূত্র থেকেই জানা যায়নি সেখানে তার অন্য কোন কাজ আছে কিনা। বেশ আনন্দ-ফুর্তিতে আছেন তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেয়ার দাবিতে লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনা কারাবন্দি থাকাকালীন অসুস্থ হলে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন। আওয়ামী লীগের নেতা নাসিম সাহেব বিদেশে চিকিৎসা নিয়েছেন, মোফাজ্জল হোসেন মায়া, হাজী সেলিমও বিদেশে গেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া যেতে পারেন না। আইনমন্ত্রী আইন দেখান। এই আইন তো নৌকা মার্কা আইন, এটা জনগণের আইন না। বাকশালী আইন। দেশের প্রচলিত আইনে মঈনুদ্দিন, ফখরুদ্দিনের সময় শেখ হাসিনা গেছেন না বিদেশে চিকিৎসার জন্য? আর বেগম খালেদা জিয়ার জন্য আইন লাগে। কারণ উদ্দেশ্য একটাই তাকে পৃথিবী থেকে সরাতে চান শেখ হাসিনা।

তিনি বলেন, আজকে সারাদেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। মানুষ দাবি করতে ভয় পায়। জ্বালানি তেল, সারের দাম বৃদ্ধি পেয়েছে কেন। অবৈধ প্রধানমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক চাপ আছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র, গণতন্ত্রকামী দেশ সুষ্ঠু নির্বাচনের কথা বলে তখন তিনি বলেন বাইরের চাপের কাছে মাথা নত করব না।

তিনি আরও বলেন, দেশের মানুষ খেতে পারছে না, মধ্যবিত্তরা নীরবে কান্না করছে, তাদের চোখ দিয়ে পানি ঝড়ছে।এই সরকার সিন্ডিকেটবান্ধব। চিনির কেজি ১৩৫ টাকা নির্ধারণ করেছে অথচ বাজারে বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। সরকার নিয়ন্ত্রণ করতে পারেনা। যারা এই বাজার নিয়ে ফটকাবাজি করে তারা তো আওয়ামী লীগের লোক। যারা সিন্ডিকেট করছে তারাও আওয়ামী লীগের লোক। বাণিজ্যমন্ত্রী বলেছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যায় না তারপরও তিনি বহাল তবিয়তে মন্ত্রিত্বে আছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতিশীল জানিয়ে রিজভী বলেন, আমি গতকাল তাকে দেখতে গিয়েছিলাম, যার অদম্য সাহস আমাদেরকে ছাত্র জীবনে প্রেরণা দিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যার ভূমিকা সবচেয়ে বেশি। তাকে আজকে রাষ্ট্রীয় কষাঘাতে কোন চিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বেগম জিয়ার উন্নত চিকিৎসা দরকার। তার চিকিৎসকরা দাবি করছে কিন্তু এই সরকারের কানের মধ্যে পাথর ঢুকে গেছে। চিকিৎসকদের দাবি জনগণের দাবি শুনতে পায়না। কারণ তাদের অশুভ উদ্দেশ্য, কীভাবে বেগম জিয়াকে নিঃশেষ করা যায়।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com