• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর অনুষ্ঠানে হামলা, আহত ৭

প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৩
আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৩

 

নিউজ ডেস্ক
কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে আসা লোজনের উপর হামলার ঘটনা ঘটেছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান। এসময় তার বাড়ি ও ব্যক্তিগত অফিসে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল মান্নানের সমর্থিত আওয়ামী লীগ কর্মী মো. ফারুক, রাশেদ, শাহজাহান, মনির হোসেনসহ অন্তত সাত-আট জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে লাকসাম পৌরসভার আব্দুল মান্নানের বাড়ির পাশে গাজীমুড়া কামিল মাদ্রাসা মাঠ ও পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে লাকসামের গাজীমুড়া কামিল মাদ্রাসা মাঠে বিকাল ৩টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অনুষ্ঠানস্থলে পৌঁছেন এবং সেখানে অনুষ্ঠানের অনুমতি নেয়া হয়নি বলে মাদ্রাসা কর্তৃপক্ষকে গেইট বন্ধ করে রাখার নির্দেশ দেন। এ নিয়ে আয়োজকদের সাথে বাগবিতণ্ডা ও সংঘর্ষের সৃষ্টি হয়। হামলাকারীরা স্থানীয় এমপি ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের অনুসারী বলে জানা গেছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের লোকজন মাদ্রাসা মাঠে অনুষ্ঠান করতে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি নেয়নি। তাই তাদেরকে অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

এতে রুবেলসহ আমাদের দুই-তিন জন কর্মী আহত হয়েছে।
তবে আব্দুল মান্নান জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে স্থানীয় ছাত্রলীগ নেতা শিহাব, রাসেল ও স্বাধীনের নেতৃত্বে তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে অনুষ্ঠানে আসা লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ৭-৮ জনকে গুরুতর আহত করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাথায় ও হাতে-পায়ে কোপের আঘাতে গুরুতর আহত মনির হোসেনের অবস্থা আশংকাজনক।

তিনি আরো জানান, হামলাকারীরা ঘটনাস্থলের অদূরে তার বাড়িতে এবং দৌলতগঞ্জ বাজারে তার ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং অফিস ও অনুষ্ঠানস্থলের চেয়ার-টেবিল নিয়ে যায়। তিনি ঘটনার সময় পকেটে লাইসেন্স করা পিস্তল থাকলেও তা বের করার বিষয়টি অস্বীকার করেন।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ বলেন, সকালে আব্দুল মান্নান তার ব্যক্তিগত অফিসে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। বিকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের বিষয়টি আমাদের জানা ছিল না। তবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় মনির হোসেন নামের একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম