• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

স্কুল বন্ধ করে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ১২:৫৩
আপডেট: মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ১২:৫৩

jonotarawaz1 5

স্কুল বন্ধ করে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যালয় বন্ধ করে আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ জন্য বিদ্যালয়ের শিক্ষকেরা এক দিন আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেন, আজ মঙ্গলবার ক্লাস হবে না। রায়পুর মার্চেন্টস একাডেমি (উচ্চবিদ্যালয়) মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলন শুরু হয়েছে আজ বেলা সাড়ে ১১টার দিকে। সম্মেলনের জন্য বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।

সম্মেলনের জন্য আজ সকাল নয়টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বিদ্যালয়ের মাঠে সমবেত হয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনকে।

সম্মেলন উপলক্ষে রায়পুর পৌর এলাকায় অতিথিদের স্বাগত জানিয়ে নেতা-কর্মীরা অসংখ্য তোরণ, ব্যানার-ফেস্টুন ও প্রদর্শনী বোর্ড স্থাপন করেছেন। এগুলোর বেশির ভাগই সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, জেলা পরিষদ মিলনায়তন বা শহরের অন্য কোনো মিলনায়তনে সম্মেলন হলে স্কুল বন্ধ রাখার প্রয়োজন হতো না। শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতো না। প্রায় সময়ই বিদ্যালয়ের মাঠে বিভিন্ন সময় রাজনৈতিক দলের সভা-সমাবেশের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হয়। তাঁরা আরও বলেন, সম্মেলনকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল করে মঞ্চ করা হয়। এ কারণে সপ্তাহব্যাপীই শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হয়েছে।

রায়পুর মার্চেন্টস একাডেমির (উচ্চবিদ্যালয়) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, সম্মেলনের কারণে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ের সংরক্ষিত ছুটি দিয়েছেন বলে জানান তিনি। তবে শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত আছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংরক্ষিত ছুটি থেকে বন্ধ রাখতে পারেন। এ ছাড়া হাজার হাজার নেতা-কর্মী ও মাইকের শব্দের কারণে পাঠদান সম্ভব হবে না।

উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই বিদ্যালয় মাঠে সম্মেলন করা হচ্ছে। অন্য জায়গায় বিপুল লোকের সমাগমে সম্মেলন করার স্থান না থাকায় এখানে করা হচ্ছে।
দেড় যুগ পর সম্মেলন

রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ কারা পাচ্ছেন, তা নিয়ে চলছে গুঞ্জন। তবে অধিকাংশ নেতা-কর্মীই দলীয় কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে নতুন নেতৃত্বের দাবি জানিয়েছেন।

রায়পুর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালে। ওই কমিটিতে কার্যকরী কমিটির সদস্য ছিলেন ৬৭ জন। এর মধ্যে সভাপতিসহ মারা গেছেন ২০ নেতা। দল চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এতে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। ২০ বছর ধরে নেই দলীয় কার্যালয়ও।

তিনটি ইউনিয়ন ও পৌরসভার চারটি ওয়ার্ডের ১১ নেতা প্রথম আলোকে জানান, তাঁরা এবারের সম্মেলনে সমঝোতার কমিটি চান না। তাঁদের দাবি, নেতা-কর্মীর মতামতে নেতা নির্বাচন হোক। একটি পক্ষ সমঝোতার কমিটির জন্য তৎপরতা চালাচ্ছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বলেন, নানা সংকট মোকাবিলা করতে গিয়ে সম্মেলন করার সময় হয়ে ওঠেনি। সম্মেলনের মাধ্যমেই কমিটি করা হবে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। তবে কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় সভানেত্রীর নির্দেশ সবাই মেনে নিতে প্রস্তুত।

 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com