• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জ-২ আসনে নৌকা পেলেন আইজিপির ছোট ভাই

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ১১:৩০
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ১১:৩০

9855589 2

সুনামগঞ্জ-২ আসনে নৌকা পেলেন আইজিপির ছোট ভাই

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) নতুন মুখ খুঁজে নিয়েছে আওয়ামী লীগ। সংসদীয় এ আসনটিতে প্রথমবারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি সুনামগঞ্জ-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুর পর উপনির্বাচনে আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী জয়া সেনগুপ্তা। সবশেষ ২০১৮ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন জয়া।

চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে চেয়ারম্যান পদ ছাড়েন তিনি।

সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে রতনকে সরিয়ে এবার রণজিত চন্দ্র সরকারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

সুনামগঞ্জ-৪ আসনেও (সদর ও বিশ্বম্ভরপুর) এবার নতুন মুখ সামনে এনেছে আওয়ামী লীগ। সংসদীয় এ আসনে এবার নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব। আসনটির বর্তমান এমপি আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টির পীর ফজলুর রহমান।

তবে জেলার অন্য দুটি আসনে কোনো পরিবর্তন আসেনি। সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) আবারও নৌকার টিকিট পেয়েছেন সংসদ সদস্য মুহিবুর রহমান ওরফে মানিক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com