জনতার আওয়াজ ডেস্ক
ফের ভাঙল জাতীয় পার্টি যার নেতৃত্বে প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ রয়েছেন। তার অনুসারীদের ডাকা ১০ম জাতীয় সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ।
শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে অনুষ্ঠান জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
জাতীয় পার্টির প্রবীণ এই নেতা চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটরা দুই হাত উঠিয়ে তাতে সমর্থন জানান। এরপর দলের অপর প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর দলের অন্যান্য সিনিয়র নেতাদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান, সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো-চেয়ারম্যান এবং সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, আল মাহগির শাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটদের কাছে মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করেন গোলাম সারোয়ার মিলন। উপস্থিত সবাই তা সমর্থন করেন।












