নিউজ ডেস্ক
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আবার ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন। মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেই অনুষ্ঠানের ওসির বক্তব্যের ৩৯ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে ওসি মো. ফারুক হোসেনকে বলতে শোনা যায়, নোঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মতো করে উনাকে আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি।
তিনি আরও বলেন, বিকজ আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটের উন্নয়ন করেছেন, আমি যদি পূর্বের ইতিহাস শুনি, এই এলাকার অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন এবং আপনাদের জন্যই করেছেন।
সরকারি একজন কর্মচারী হয়ে ওসির এভাবে রাজনৈতিক দলের নেতার পক্ষে বক্তব্য দেওয়া নিয়ে অনেকে সমালোচনাও করছেন।
ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি ফারুক হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।












