• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামে খাল খননের মাটি ইটভাটায় ব্যবহার ও অবৈধ ভাটা বন্ধের নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৩
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৩

965985

চট্টগ্রামে খাল খননের মাটি ইটভাটায় ব্যবহার ও অবৈধ ভাটা বন্ধের নির্দেশ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে আসন্ন ইটভাটা মৌসুমে সব ধরনের অবৈধ ইটভাটা বন্ধ রাখার পাশাপাশি ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খাল খননের মাটি ইট তৈরিতে ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, চট্টগ্রামের সভাপতিত্বে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে খাল খননের মাটি ইটভাটায় ব্যবহার, অবৈধ ইটভাটা বন্ধ, ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক ইটভাটার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন। খাল খননের মাটি ইট তৈরিতে ব্যবহার করা যায় কি না এবং কীভাবে তা ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় আসন্ন ইটভাটা মৌসুমে জেলার সব অবৈধ ইটভাটা বিশেষ করে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনিযুক্ত ভাটা বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে ইট তৈরিতে ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে ভাটা মালিকদের নির্দেশ দেওয়া হয়।

মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ও রিসার্চ অফিসার, জেলা প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা (জুম প্ল্যাটফর্মে), পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, বিএডিসি, বিভাগীয় বন কর্মকর্তা, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর ও জেলা আনসারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। পরিবেশ সুরক্ষা এবং কৃষিজমির মাটি রক্ষায় বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com