• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৮
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৮

96662320

নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল নেতা আমির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিতে তার গাড়ির কাচ ভেঙে গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজারের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আমির হোসেন আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশ্য গাড়ি নিয়ে যাওয়ার পথে আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে চড়ে দুই অজ্ঞাত ব্যক্তি এসে আমির হোসেনের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় চালকের আসনে বসা ছিলেন তিনি। পাশের আসনে বসা ছিলেন তার বন্ধু ও মাহমুদপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে গাড়ির কাচ ভেঙে গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে যুবদল নেতা সাদেকুর রহমান বলেন, ‘সারাদিনব্যাপী মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর প্রচারণা চালিয়েছি আমরা। প্রচারণা শেষে গাড়ির টিভি মনিটর মেরামত করার উদ্দেশ্যে আড়াইহাজার বাজারে গাড়িটি নিয়ে যাই। মনিটর ঠিক করে বাড়ি ফেরার পথে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে পৌঁছলে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুজন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে গাড়ি চলন্ত অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় আমির হোসেন মৌখিকভাবে আমাদের জানিয়েছেন। তার গাড়ির পেছনে থেকে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি মুখোশ পড়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত করে সংশ্লিষ্টদের চিহ্নিত করার কাজ চলছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com