জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মমেকে ৩৯ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৬২ শিশু।
মঙ্গলবার (২৬ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৯ মে রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ সদরের দাপুনিয়া এলাকা থেকে ৬ মাস বয়সী এক শিশুপুত্রকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিল। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এছাড়া গত ২০ মে বেলা ১১টায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রাম থেকে ১০ মাস বয়সী এক শিশুপুত্রকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিল। গতকাল সোমবার সকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
গত ১৭ মার্চ থেকে ২৬ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০৯ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে আরও ২৯ শিশু ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৫০৮ শিশু।












