রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে টাইব্রেকারে নোয়াপাড়া একাদশকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পূর্ব গুজরা একাদশ। রাউজান এমপি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ৩০’জুন (মঙ্গলবার) নোয়াপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা ও পৌরসভার ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের সেমিফাইনাল ঘিরে মাঠে ছিল উপচেপড়া ভিড়। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৮-৭ গোলের ব্যবধানে নোয়াপাড়া একাদশকে হারিয়ে ফাইনালে উঠে যায় পূর্ব গুজরা একাদশ।
খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। পূর্ব গুজরার অধিনায়ক জাহেদ হোসেন ও নোয়াপাড়ার অধিনায়কের নেতৃত্বে দুই দলই একে অপরকে চাপে রাখার চেষ্টা করে। দুই দলের গোল কিপারই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে পূর্ব গুজরার গোল কিপার মো. শাকিব কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন। টাইব্রেকারেও তার নৈপুণ্যেই জয় পায় পূর্ব গুজরা। পরে ম্যাচ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকেই ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির তত্ত্বাবধানে আয়োজিত ম্যাচে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা সামশুল হক বাবু, সিরাজুল ইসলাম মেম্বার, লিটন মহাজন, আহ্বায়ক ছোটন আজম, রাউজান উপজেলা বিএনপি নেতা মুহাম্মদ নাছির উদ্দিন, ৯০ দশক ছাত্রদল রাউজান এর যুগ্ম আহবায়ক এম এনাম হোসেন, পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ সচিব মুহাম্মদ ফরিদ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব গুজরা টিমের কো-ম্যানেজার সাইফুল ইসলাম অপু, কোচ পরিমল বড়ুয়া, নোয়াপাড়া একাদশের টিম ম্যানেজার মু. নাসির উদ্দিন, কোচ মু. ফরহাদ। ক্রীড়া সংগঠক জাগের হোসেন, মো. ফোরকান, জাহাঙ্গীর আলম, মো. ইব্রাহিম, এম ডি রাশেদ, প্রবাসী সাংবাদিক লায়ন ওসমান চৌধুরী, যুবদল নেতা মো. হারুন, মো. রিয়াদসহ শতাধিক ক্রীড়ামোদী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
ম্যাচ শেষে সম্মানিত অতিথিরা বলেন, রাউজানের মাটি ফুটবলের উর্বর ভূমি। এই মাটি থেকে উঠে এসেছে অনেক কৃতী খেলোয়াড়। রাউজানের মাননীয় এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও বিশিষ্ট ক্রীড়াবিদ সামীর কাদের চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্ট আমাদের তরুণদের মাদক থেকে দূরে রেখে মাঠমুখী করেছে—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
তারা আরও বলেন, মাননীয় এমপি মহোদয়ের স্বপ্নের রাউজান গড়তে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলের মতো জনপ্রিয় খেলার মাধ্যমে এই প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে। আজকের হাজারো দর্শকের উপস্থিতিই প্রমাণ করে রাউজানের মানুষ খেলাধুলাকে ভালোবাসে। এমপি সাহেবের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
উল্লেখ্য, দ্বিতীয় সেমিফাইনাল শেষে ফাইনাল ম্যাচের তারিখ ও সময়সূচি টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।












