জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর কেন্দ্রিয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) রাত পৌনে সাড়ে ৯টার দিকে শহীদ মিনারের ঠিক সামনেই এই ঘটনা ঘটে। আহত রাকিবুল ‘শেখ বোরহান উদ্দিন কলেজের’ ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। এ ঘটনার পরপরই গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মোহাম্মদ ঈশান জানান, শহিদ মিনারর সামনের স্থানে বসে তারা কয়েক বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে তিন থেকে চারজন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে এবং পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখন করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে নিবিড় পর্যবেক্ষণে ভর্তি করা হয়। আহত রাকিবুল পুরান ঢাকার নিমতলি এলাকার খোকন মিয়ার ছেলে।
হাসপাতালে আহতের অপর বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ তাদের কয়েকজন মেয়ে বন্ধু শহিদ মিনারের সামনের দোকানে চা পান করছিলেন। ওই সময় এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পেয়ে তারা শহিদ মিনারের উপরে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখা। ওই সময় ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, রাকিবুলের অবস্থা গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ ও ডান পেটে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন।












