জনতার আওয়াজ ডেস্ক
সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে বিকেলে ঢাকার বনশ্রীতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে অন্তত ৩০০ জন গুলিবিদ্ধ হয়ে তিনটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বনশ্রীর ফরাজি হাসপাতালের ম্যানেজার রুবেল হোসেন বিবিসি বাংলাকে বলেন, “হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় বিকেল পর্যন্ত তিনজন মারা গেছে। অন্তত ২০০ গুলিবিদ্ধ ব্যক্তির চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ”। তিনি জানান, আরো অন্তত একশোরও বেশি গুলিবিদ্ধ আন্দোলনকারী এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন, কিন্তু চিকিৎসা দেয়ার সুযোগ না থাকায় তাদের পাশের অ্যাডভান্স হাসপাতাল ও আল রাজী হাসপাতালে পাঠানো হয়েছে। মি. রুবেল বলেন, রাস্তায় আন্দোলনকারীর বাইরে বনশ্রীর একটি বাসায়ও একজন নারী গুলিতে আহত অবস্থায় ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পাঁচটা পর্যন্ত বনশ্রী ও রামপুরার রাস্তায় দেখা যাচ্ছিলো।সূত্রঃ বিবিসি বাংলা










