• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সায়েন্সল্যাবে আন্দোলনকারীদের অবরোধ, নেই পুলিশ

প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ১২:৫৬
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ১২:৫৬

96856

সায়েন্সল্যাবে আন্দোলনকারীদের অবরোধ, নেই পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তবে পুরো এলাকার কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

রবিবার (৪ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে সড়কে অর্ধশতাধিক শিক্ষার্থীর অবস্থান নিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর সড়কে শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। এসময় শিক্ষার্থীদের ‘এক, দুই, তিন, চার-খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। অবরোধের ফলে এই সড়কে সবধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

একদফা দাবিতে রবিবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।

এদিকে, অবরোধ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে, চলছে শুধু রিকশা-সিএনজি। সড়কে মাঝে মাঝে বাসের দেখা মিললে তাতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা।

গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবারের বিক্ষোভ এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com