• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংরক্ষিত নারী আসন জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:০৬
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:০৬

9622220310

সংরক্ষিত নারী আসন জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পর আগামীকাল বৃহস্পতিবার তার বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথম দিনের যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান ইসির এসব সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, বাছাইয়ের প্রথম দিনে জামায়াত জোটের ১৩ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ জোটের প্রার্থী মনিরা শারমিন মনোনয়নপত্রে সরকারি চাকরির পূর্ণাঙ্গ তথ্য দেননি। এ জন্য তাকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়ে ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। আইন অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকে না। ফলে তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ গতকাল মঙ্গলবার শেষ দিনে নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট পর তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, সময় পেরিয়ে গেলে আইন অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। ফলে প্রার্থীদের তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত হয়নি।

ইসি জানিয়েছে, এই নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ (একজনেরটি গ্রহণ করা হয়নি), স্বতন্ত্র মোর্চা থেকে একজন এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে একজন ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

তফসিল অনুযায়ী, প্রার্থীরা ২৬ এপ্রিল আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com