জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান দেখা করলে প্রধানমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান ‘পররাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এদিকে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমান বন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এই কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।’
সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজে অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
বৈঠকের পর আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
আতিকুর রহমান রুম্মন বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প পরবর্তী দুযোগ মোকাবিলায় একটি কর্ম পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। পরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।












