সিলেট ব্যুরো
ছবি : সংগৃহীত
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: খবরের কাগজ
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘সরকারের উদ্যোগে পর্যাপ্ত ভ্যাকসিন আনা হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষের দিকে হামের বিশেষ টিকা ক্যাম্পেন শুরু হবে।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সব সমস্যার সমাধান করা হবে।
মন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছি। সব জায়গায় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি ছিল। রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে। এখানের (ওসমানী হাসপাতালের) কী অবস্থা আমি জানি না। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ৬ মাসের মধ্যে সমাধান হবে।’
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। গত ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে।’
ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মতো উপস্থিত না হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময়মতো ডাক্তারদের আসা-যাওয়ায় সময়ানুবর্তিতা আগামী ৭ কর্মদিবসের মধ্যে নিশ্চিত করা হবে।’ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও অচিরেই চালু করা হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে, সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্টরা।











