শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির পর ভূমিধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার ভোর ৪টার দিকে প্রদেশটির জিয়ান শহরের সুইচুয়ান কাউন্টির একটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাউন্টির বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর জানিয়েছে, কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের ভাষ্য, টাইফুন সাউডেলের প্রভাবে ওই এলাকায় ভারী বৃষ্টি হয়।
ভূমিধসের পর তিনজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল। তবে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন করে ভূমিধস বা অন্য কোনো দুর্যোগের ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আ/আ












