শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যু প্রসঙ্গে ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দেবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি।’
নির্বাচনের পোস্টার নিয়ে ইসি সচিব বলেন, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য নেই। তবে ভোট একাধিক ধাপে করা হবে। ৩/৫/৯ ধাপে হতে পারে।’
ভোট ইস্যুতে তিনি বলেন, ‘উপজেলা ভিত্তিক হিসেব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।’
এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে।
নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কমিশন পোস্টাল ব্যালটসহ সব বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থানীয় সরকার নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছু নির্বাচন কমিশন করবে। এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সেখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে।
উল্লেখ্য, নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।












