আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। এই মামলার বিস্তারিত আদেশের জন্য অপেক্ষা করা হলেও আপাতত তিনি মুক্ত। সেই সঙ্গে ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত ইসলামাবাদের এখতিয়ারে নথিভুক্ত সকল মামলায় তাকে গ্রেফতার করতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
আজ শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে হাজির হলে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ‘স্পেশাল ডিভিশন বেঞ্চ’ এ রায় দেয়। শুনানির সময় বিচারপতি আওরঙ্গজেব ইমরান খানকে জিজ্ঞাসা করেন যে, তাকে গ্রেফতারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তিনি কি তাতে নিন্দা প্রকাশ করেছেন। তার আইনজীবী ইতিবাচক জবাব দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার এ মামলায় তাকে গ্রেফতারের বিষয়টিকে অবৈধ ও বেআইনি হিসেবে উল্লেখ করে তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন দেশটির প্রধান বিচারপতি। তবে তাকে আজ ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।
রায়ে আরও বলা হয়, ইমরান খান বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশ লাইনের গেস্ট হাউসে রাত কাটাবেন। তবে তিনি সেখানে বন্দি হিসেবে নয়, মুক্ত মানুষ হিসেবে থাকবেন। পর দিন তথা আজ শুক্রবার তিনি ইসলামাবাদ হাইকোর্টে হাজির হবেন। প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়।
গত মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়। তিনি তখন জামিন নিতে আদালতে যাচ্ছিলেন। সূত্র: দ্য ডন












