• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের সিন্দুক খুলে লাখ লাখ রুপি লুট, নেপালে আটক ২৯

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৫:৫৩
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৫:৫৩

বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের সিন্দুক খুলে লাখ লাখ রুপি লুট, নেপালে আটক ২৯

নেপালের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় যখন একের পর এক প্রাণহানির খবর আসছে, তখন ভেসে যাওয়া একটি ব্যাংকের সিন্দুক ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর এক অপরাধের ঘটনা। সিন্দুকটি ভেঙে ভেতরে থাকা বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে রাসুয়া জেলার ভোতেকোশি এলাকায় একটি ব্যাংকের সিন্দুক ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছী গ্রামীণ পৌরসভা-৪ এলাকার বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীরে সিন্দুকটি পাওয়া যায়। News

ধাদিং পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তারা খবর পায়, স্থানীয় কয়েকজন ওই সিন্দুকটি ভেঙে ভেতরে থাকা রুপি লুট করে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়। প্রাথমিক তল্লাশির সময় ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। আটক ব্যক্তিদের বেশিরভাগই গালছী-৪ এলাকার মাস্তার এলাকার বাসিন্দা। কয়েকজন গালছী-৬ এর আদমঘাট এবং সিদ্ধলেখ-৭ এর আদমতার এলাকার বাসিন্দা। অন্যদের আদি বাড়ি চিতওয়ান ও পারসায় হলেও বর্তমানে তারা ধাদিংয়ে বসবাস করছেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার করা অর্থের উৎস এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে নেপালে আরেকটি মর্মান্তিক ঘটনায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে দু’জন ব্যক্তি স্বর্ণের কানের দুল খুলে নিচ্ছে। এর মধ্যেই ভয়াবহ বন্যায় নেপালের বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিসংখ্যান সংশোধন করে জানিয়েছে, বন্যায় নিখোঁজের সংখ্যা বেড়ে ২ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে। নিশ্চিতভাবে নিহতের সংখ্যাও বেড়ে হয়েছে ৬২৬। শুক্রবার রাতের হিসাবে নেপালে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাবে নিখোঁজ নেপালিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনই রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। বন্যার তিন দিন পরও বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ফলে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com