আজ বুধবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথমদিনের ভোট শুরু হলেও বিএনপিপন্থি আইনজীবীদের বাধার মুখে তা আপাতত বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৮টার আগে থেকেই ভোট দেওয়ার জন্য জড়ো হতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। এর মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা (সাদা প্যানেল) তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে যান। কয়েকজন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু বাধা দেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের আইনজীবীরা। আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আওয়ামী লীগপন্থি আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক বলেন, সকালে ভোটগ্রহণ শুরু হলে বিএনপিপন্থি আইনজীবীরা আমাদের বাধা দেন। আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে। তাদের দাবি নির্বাচন কমিশন ঠিক না হলে তারা ভোট হতে দেবেন না। নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এতে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল বলেন, সাধারণ আইনজীবীদের চাপের মুখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। আমাদের দাবি নিরপেক্ষ নির্বাচন কমিশন না হওয়া পর্যন্ত এ নির্বাচন হতে পারে না।
ভোটের আগের দিন মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বিএনপিপন্থি আইনজীবীদের পক্ষ থেকে ব্যালট পেপার ছেঁড়ার ঘটনার পর থেকে কঠোর নিরাপত্তা বলয়ে রয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫ শতাধিক (৩০ প্লাটুন) পুলিশ মোতায়েন করা হয়েছে।










