• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬ ৩:৪৮
আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬ ৩:৪৮

JA9602

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অবস্থান দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অবস্থান নেন। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত হন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা সরব করে তোলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন। পুরো জিয়া উদ্যান এলাকা একদিকে যেমন উৎসবমুখর হয়ে ওঠে, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানও দেখা যায়।

কর্মসূচির পরবর্তী অংশ হিসেবে প্রধানমন্ত্রী রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। এরপর ধারাবাহিকভাবে ঢাকার আরও কয়েকটি স্থানে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com