জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি।
বুধবার (২২ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তর-এ এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সাক্ষাতে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপি-কে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন, মানবপাচার দমন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা উন্নয়নে আলজেরিয়ার আগ্রহকে স্বাগত জানান। তিনি দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ, শক্তিশালী এবং ফলপ্রসূ সহযোগিতা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।












