জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো ইস্যু নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত ও বাংলাদেশের অনেক গণতান্ত্রিক ইস্যু আছে এবং থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যেই দুই দেশের সম্পর্ককে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এমন কোনো ইস্যু নেই যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে। দুই দেশের সম্পর্ক ভালো থাকা বিশেষভাবে জরুরি। আমরা শুধু সীমান্ত নয়, স্বপ্নও শেয়ার করি।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা চাই, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। বাংলাদেশ ভারতের নিকটতম প্রতিবেশী এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী ও এগিয়ে নিতে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করব।’
এদিকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না-এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতীয় হাইকমিশনার।










