• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে আইপিইউ

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:৫১
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:৫১

96665201 2

গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে আইপিইউ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠন, মানবাধিকার সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ বলেছেন, শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সফরকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও তরুণ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অ্যান্ডা ফিলিপ বলেন, নারীদের নেতিবাচক সামাজিক রীতি, কুসংস্কার ও অনলাইন বিদ্বেষসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আইপিইউ কার্যকর কর্মপদ্ধতি নিয়ে কাজ করছে। তিনি নারী সংসদ সদস্যদের মধ্যে সংহতি জোরদার এবং আইপিইউর নারী ফোরাম ও বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সংসদকে এমন একটি অন্তর্ভুক্তিমূলক স্থান হতে হবে, যেখানে বিভিন্ন সামাজিক ও জাতিগত সম্প্রদায়ের কণ্ঠস্বর শোনা যাবে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় সত্য ও ন্যায়বিচারের পাশাপাশি পুনর্মিলন ও জাতীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য রাখেন। চিফ হুইপ বলেন, গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন এবং এ ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে আইপিইউ মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি, কমিটি ব্যবস্থা ও আইন প্রণয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আইপিইউ মহাসচিব বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গেও আইপিইউ প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে সংসদকে গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করা, সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থাটির সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com