• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় প্রেসক্লাবে বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের জানাজা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ৩:৫৩
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ৩:৫৩

960002541 1

জাতীয় প্রেসক্লাবে বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের জানাজা অনুষ্ঠিত

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের দৈনিক বাংলা কার্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে তার মরদেহ রাখা হয়।

এ সময় তোয়াব খানের ছোট ভাই ওবায়দুল কবির খান বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, যদি উনি কখনো আপনাদের সাথে ভুল আচরণ করে থাকে, তাকে ক্ষমা করে দিবেন। একই সাথে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া রাখবেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আজকে আমরা শোকে ভারাকান্ত। আমাদের সঙ্গে হয়ত প্রকৃতিও আজ কাঁদছে। আমাদের আজীবন সদস্য তোয়াব ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি সবার কাছে বলব, আপনারা সবাই তার প্রতি দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। উনার মৃত্যুতে সাংবাদিকতা আজকে শূন্যস্থানে গিয়ে পৌঁছেছে। তোয়াব ভাইয়ের চলে যাওয়া মানে সাংবাদিকতার একটি ইতিহাসের অধ্যায় শেষ হওয়া।

জানাজা নামাজ শে‌ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, তোয়াব খান বাংলাদেশের ইতিহাসের একজন কিংবদন্তী সাংবাদিক। মুক্তিযুদ্ধের সময় তার অসামান্য অবদান ছিল। স্বাধীন বাংলার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব হিসেবে কাজ করেছেন, প্রধান তথ্যকর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং পিআইবির মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন।

মন্ত্রী বলেন, দৈনিক পাকিস্তান যখন নাম পরিবর্তন করে দৈনিক বাংলা হলো সেটির প্রথম সম্পাদক ছিলেন জনাব তোয়াব খান। আজকের দিনে দৈনিক বাংলার সম্পাদক থাকা অবস্থায় তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার হাত ধরে বাংলাদেশের বহু প্রথিতযশা সাংবাদিকের জন্ম হয়েছে। তার লেখনী আমাদের দেশ ও জাতিকে উপকৃত করেছে। সাংবাদিকতার একজন পথিকৃৎ’র মৃত্যু আমাদের সাংবাদিকতা জগতেই নয়, পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

শিক্ষা মন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশের বস্তুনিষ্ঠ এবং সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন তোয়াব খান। আমি মনে করি- তিনি যে দেশপ্রেম ও আদর্শ নিয়ে সাংবাদিকতা করেছেন, এখন যারা সাংবাদিকতা করছেন, আগামীতে যারা এই পেশায় আসবেন, তারাও সেই আদর্শ গ্রহণ করবেন ও স্মরণে রাখবেন। সংবাদ মাধ্যম আমাদের ত্রুটিগুলো ধরিয়ে দেয়, সেখান থেকে তার মৃত্যু আমাদের জন্য অপূরনীয় ক্ষতি। তার স্মৃতিকে ধরে রাখতে তার আদর্শ ও বস্তুনিষ্ঠতা স্মরণ রাখতে হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল কবির বলেন, যেকোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার অনন্য ক্ষমতা ছিল তোয়াব খানের। তার সাংবাদিকতা, কর্মজীবন আমাদের জন্য অনুপ্রেরণা।

সাংবাদিক মতিউর রহমান বলেন, চিন্তা ও মননে তিনি আজীবন একজন সক্রিয় সাংবাদিক ছিলেন। তার কর্মের মধ্যেই বেঁচে ছিলেন, কর্মের মধ্য দিয়েই আমাদের মাঝে থাকবেন।

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, সম্পাদকদের সম্পাদক ছিলেন তোয়াব খান। আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে শিখি। তার চলে যাওয়া বাংলাদেশের সংবাদ মাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি।

জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সাব-এডিটর কাউন্সিল, দৈনিক প্রথম আলো, কালেরকণ্ঠ, জনকণ্ঠ, সাংবাদিক কল্যান ট্রাস্ট, নারী সাংবাদিক কেন্দ্রে, মুক্তিযোদ্ধা সাংবাদিক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সংগঠনের কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তোয়াব খানকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শহীদুল ইসলামের উপস্থিতিতে তাকে এই সম্মান দেওয়া হয়। এ সময় তার মরদেহ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়।

শহীদ মিনারে বরেণ্য সাংবাদিক তোয়াব খানের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তার কার্যালয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী সামরিক সচিব জিএম রাজিব আহমেদ, আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com