নিউজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সময় কারো আচরণ যদি পক্ষপাতমূলক হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা। এই ব্যবস্থা গ্রহণ করা হবে জনগনের আস্থার স্বার্থে, নির্বাচনের স্বার্থে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা জানান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা জানান। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও এ সময় জানান তিনি।
নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রীসহ অন্য যারা ভোট চাচ্ছেন, তারা ভোট চাইতে পারেন কিনা তা নিয়ে এখনই কোন মন্তব্য করবো না। কারণ এই বিষয়টি কেউ নজরে আনেনি। তফসিল ঘোষণার পর কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা, আমরা তখন দেখবো।
জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হওয়া কাম্য নয়। ইসির পুরো সময়টাতেই দায়িত্ব আছে। যারা নির্বাচন পরিচালনা করবেন তারা পক্ষপাতিত্ব আচরণ করলে নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিতে পারে। মানুষের আস্থার স্বার্থে, সরকারের স্বার্থে, নির্বাচন কমিশনের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনো জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণ প্রতিফলিত হোক সেটা ইসি চায়না।
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আগেভাগেই প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরু থেকে ধাপে ধাপে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, পুলিশ সুপার ও ইউএনওদের এ প্রশিক্ষণ দেয়া হবে। বিষয়টি জানিয়ে এবং ওইসব কর্মকর্তাকে প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ দিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জননিরাপত্তা বিভাগকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠাতে যাচ্ছে কমিশন।












