• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৫:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৫:৪৪

9620284

পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং প্রযুক্তিনির্ভর অপরাধে প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা ও মানবিক আচরণের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হতে হবে নবীন কর্মকর্তাদের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ব্যাচের ৫০০ জন ক্যাডেট উপ-পরিদর্শকের (এসআই) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার মূল ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ নানা ধরনের ডিজিটাল অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’- এই আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার একটি গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ পেল।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের হাতে পুরস্কার তুলে দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com