• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশের শাস্তি হিসেবে শুধু বদলিই যথেষ্ট নয়: সারজিস আলম

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:২৫
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:২৫

96666996 3

পুলিশের শাস্তি হিসেবে শুধু বদলিই যথেষ্ট নয়: সারজিস আলম

রংপুর প্রতিনিধি

জুলাই বিপ্লবের সময় বিগত আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে আন্দোলন দমনে কাজ করেছে অনেক পুলিশ সদস্য। তাদের শাস্তি হিসেবে শুধু বদলিই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আগামী দিনে সেখানে এর চেয়ে আরও বড় অভ্যুত্থান হবে এবং আরও বেশি রক্তপাত ঘটবে।

তিনি বলেন, যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে ছাত্র আন্দোলনে আমার ভাইদের হত্যা করেছে, তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনও কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছেন। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছেন। কেউ আবার পরবর্তীতে যাতে সুবিধা নেওয়া যায়, সে চেষ্টাও করছেন।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যারা তাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং যারা সংসদ সদস্যের চেয়ারে বসে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারা যে দলেরই হোক না কেন, সবাই ফ্যাসিবাদের দোসর।

সারজিস আলম আরও বলেন, এমন বাংলাদেশ চাই না, যেখানে একটি দল ক্ষমতায় এসে অন্যদের শোষণ করবে। ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আবু সাঈদ ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই বাংলাদেশ তৈরির পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না।

তিনি বলেন, কেউ বাধা হয়ে দাঁড়ালে আবারও রাজপথে দেখা হবে। আমরা জীবন দিতে এখনও প্রস্তুত। এ সংগ্রামে লড়াই হবে রাজপথে, নয়তো দেখা হবে বিজয়ে।

এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com