জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘এটি একেবারেই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তবে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।










