জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রশাসনে বড় পরিসরে পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনরত ১০ জন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া জেলা প্রশাসকরা হলেন—গাজীপুরের মো. নূরুল করিম ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ফরিদা খানম, টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার মোতাকাব্বীর আহমেদ এবং পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন দূতাবাস, হাইকমিশন এবং সরকারি দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে পদোন্নতি দেওয়া হয়। এর ফলে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়ায় ১৭৯ জন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের নিয়মিত ব্যাচ হিসেবে ২৫তম ব্যাচের ৯৯ জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া ২১ ও ২২তম ব্যাচের ৩৩ জন এবং ২৪তম ব্যাচের ৪৭ জন কর্মকর্তাও যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।













