• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রোহিঙ্গাসংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০২
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০২

9600050

রোহিঙ্গাসংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রোহিঙ্গাসংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গাদের অবস্থান এবং ক্রমবর্ধমান জনসংখ্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসি ফাউন্ডেশন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদকসহ বিভিন্ন অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে কক্সবাজারের মানুষকে সীমাহীন সমস্যা বা ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্যাম্পের জনসংখ্যা যত বাড়বে, সংকটও তত বেশি ঘনীভূত হবে।’

তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর আগ পর্যন্ত মানবিক সহায়তা খুবই জরুরি। তবে এই মানবিক সহায়তা একটি সাময়িক ব্যবস্থা হিসেবে বিবেচিত হওয়া উচিত।’

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, সম্মানজনক ও দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা ও সমর্থনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এই সহযোগিতা প্রত্যাশা করে।’ একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

আসন্ন জাতিসংঘ অধিবেশনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেন অন্য কোনো ইস্যুর আড়ালে চাপা না পড়ে যায়, বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com