জনতার আওয়াজ ডেস্ক
ছবি: পিআইডি
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান কর্মকর্তার সাম্প্রতিক ঢাকা সফরকে একটি ‘স্বাভাবিক এনগেজমেন্ট’ হিসেবে অভিহিত করেছেন সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
তথ্য উপদেষ্টা জানান, সার্বভৌম রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনা বা যোগাযোগ একটি নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। সফরটিকে কেন্দ্র করে ভিন্ন কিছু ভাবার বা উদ্বেগের কোনো কারণ নেই।
তথ্য উপদেষ্টা জানান, ওই কর্মকর্তা চীন থেকে ঢাকা এসেছেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ‘বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাউন্টারপার্টদের মধ্যে এ ধরনের যোগাযোগ স্বাভাবিক।’
তিনি বলেন, ‘বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অতীতে ভারত সফর করেছেন। বাংলাদেশে এখন জনগণের নির্বাচিত সরকার রয়েছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনও দেশের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ এই সরকারের নেই।’
শেখ হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি। এখন থেকে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা হবে বলে জানান জাহেদ উর রহমান।












