• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৩:৩৩
আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৩:৩৩

96598520

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

সংগৃহীত ছবি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য নিরাপদ রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু মানুষের নিরাপত্তাই নয়, প্রাণীর প্রতিও সহিংসতা রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক চেতনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগোও উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অপশক্তি রাজনৈতিক স্বার্থে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও সম্প্রীতি ও সহাবস্থানই বাংলাদেশের মানুষের চিরায়ত ঐতিহ্য। সেই মূল্যবোধকে ধারণ করেই সরকার এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করতে পারবেন।

তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ একদিকে নতুন প্রজন্মের সামনে জ্ঞান অর্জনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, অন্যদিকে মূল্যবোধের সংকটও সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে কাজী নজরুল ইসলামের সাহিত্য, বিশেষ করে শিশু-কিশোরদের জন্য রচিত ছড়া ও কবিতা নতুন প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা কেবল মন্ত্রণালয় বা সরকারি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং তার সাহিত্য, জীবনদর্শন এবং মানবিক চেতনাকে দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান মানুষের অনুপ্রেরণার অন্যতম শক্তিশালী উৎস হিসেবে কাজ করেছে। অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও জাতীয় কবির চিন্তা-চেতনা সমানভাবে প্রাসঙ্গিক। এ কারণেই নতুন প্রজন্মের সঙ্গে নজরুলের জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর করতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক এবং শিল্পীদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানটি আরও ভিন্নধর্মীভাবে আয়োজন করা হলে ভালো হতো। তার মতে, জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিকে আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নজরুল গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com