নিউজ ডেস্ক
বিদেশে বসে যারা দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে সেই দেশের আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (২৮ এপ্রিল) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। এই এগিয়ে চলাকে থামিয়ে দিতে স্বাধীনতাবিরোধী অপশক্তি এই ইউরোপ বসে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত যখন বাংলাদেশের উন্নতিতে লজ্জা পাচ্ছেন, তখনও বিএনপির নেতাদের চোখে উন্নয়ন ধরা পড়ে না। তারা বিদেশে পেইড এজেন্ট নিয়োগের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এ বিষয়ে আরো সোচ্চার হতে হবে। বিভিন্ন দেশে বসবাসকারী দেশবিরোধী তৎপরতাকারীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং প্রয়োজনে সেসব দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশের সব সংগ্রাম, আন্দোলন ও সংকটে প্রবাসে আমাদের সংগঠনের নেতা-কর্মীরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে সব জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলার সাধ্য কারও নেই।
মন্ত্রী এ সময় রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানান এবং তাদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
হিউম্যানিটি অ্যাট দ্য ক্রসরোডস: অটোনোমাস উইপনস সিস্টেমস অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব রেগুলেশন -শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে রবিবার সকালে ভিয়েনায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি দেশটিতে অবস্থান করছেন।













