জনতার আওয়াজ ডেস্ক
মহান ভাষা ও শহীদ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধ সংগ্রামে লিপ্ত হওয়ার আহবান জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও ক্রীড়াব্যক্তিত্ব মুহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ রাজধানীতে বাড্ডা যুব কল্যাণ পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিষদের সভাপতি কুতুবউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক,সমাজসেবকনাজিম উদ্দীন মোল্লা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ ও শিক্ষাবিদ এ আর সৈকত প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, আমাদের ভাষা আন্দোলনের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসের এক বিরল ঘটনা। এই আন্দোলনই আমাদের স্বাধীকার আন্দোলনের মূল ভিত্তি রচনা করেছিল। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী অতিক্রান্ত হলেও আমাদের প্রাপ্তি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। পুরোপুরি অর্জিত হয়নি ভাষা আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যও। ফলে সাম্যের পরিবর্তে বৈষম্য, ন্যায়বিচারের পরিবর্তে অবিচার, আইনের শাসনের পরিবর্তে জুলুমবাজী আর গণন্ত্রের পরিবর্তে স্বেচ্ছাতন্ত্র জাতির ঘাড়ে চেপে বসেছে।
তিনি ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বীর শহীদদের স্বপ্নবাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, ক্রীড়া-সংস্কৃতিচর্চা স্বাস্থ্যবান ও মননশীল জাতি গঠন এবং নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশে সহায়ক হয়। মূলত যুবসমাজকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে হলে সুস্থধারার ক্রীড়া-সংস্কৃতি চর্চাকে পৃষ্টপোষকতা দিতে হবে। তাই প্রতিভাবান ক্রীড়াবিদ সৃষ্টিতে সরকার, ক্রীড়া সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, চ্যারিটি সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আজকের দিনের যুবসমাজই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। ইসলামের সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামসহ জাতির যেকোনো ক্রান্তিকালে যুবসমাজ থেকেছে আপসহীন। তাই ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে নেতৃত্বের জন্য যোগ্যতর করে গড়ে তুলতে হবে। তিনি মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আর্ত-মানবতার কল্যাণে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি












