নিউজ ডেস্ক
রাজধানীর বাড্ডা থানায় এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হাসিবুল হকের আদালত এক হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) একই আদালত এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওইদিন আদালত বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
২০১৫ সালের মার্চ মাসে রাজধানীর বাড্ডা থানায় এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। তদন্ত শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬০ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন পুলিশ।












