পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদেক এলাকায় গণসংযোগে সালাহউদ্দিন আহমেদ। ছবি: খবরের কাগজ
দেশের জনগণের ভাগ্য উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদেক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রত্যাশা পূরণ এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। সেটি সম্ভব একমাত্র বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে।”
তিনি আরও বলেন, ‘‘বিএনপি এ দেশের গণমানুষের রাজনৈতিক দল। দলের উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার ভাবনা ও দেশের নিরাপত্তা—সবকিছুই দেশের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে প্রণীত।’’
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি, আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, ধানের শীষে ভোট দিয়ে সারা দেশে বিএনপিকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, বিএনপি একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে। যে রাষ্ট্র গঠনের স্বপ্নে এ দেশের শহিদরা রক্ত দিয়েছেন এবং গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।”
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।












