• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৭
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৭

9601 2

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন

পেকুয়া (কক্সবাজার ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিএনপি তার ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারে দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার সুস্পষ্ট অঙ্গীকার করেছে। অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন কমিশনের দেওয়া প্রতিবেদনসমূহও দলটি গুরুত্বসহকারে পর্যালোচনা করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের আয়োজনে চকরিয়া ও পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে, সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। গণতান্ত্রিক কাঠামো মজবুত করার মধ্য দিয়েই প্রকৃত অর্থে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব।

তিনি বলেন, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। ওই কমিশনের প্রস্তাবনাগুলোও বিএনপি গভীরভাবে পর্যালোচনা করবে।

ডিজিটাল যুগের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্য আদান-প্রদান অত্যন্ত দ্রুত ও সহজ হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এ কারণে গণমাধ্যমকর্মীদের অত্যন্ত দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, যাতে দেশের সম্মান আন্তর্জাতিক পরিমণ্ডলে অক্ষুণ্ন থাকে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে গণমাধ্যমের অবদান অপরিসীম। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে এবং গণমাধ্যমের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হয়। তবে গত ১৬–১৭ বছরে গণমাধ্যমের দলীয়করণ ও ভূমিকা নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এর ফলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা।

সাংবাদিকদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি সবসময় বলি- সাংবাদিক বন্ধুগণ যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, পাক্ষিক পেকুয়ার নির্বাহী সম্পাদক, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সম্পাদক এম আর মাহবুব, সিনিয়র সাংবাদিক এম ওমর আলী, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারীসহ চকরিয়া-পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এছাড়া উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com