কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গুম, খুন আর গায়েবি মামলা দিয়ে এ দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। দেশের সর্বস্তরের মানুষ ফ্যাসিস্ট এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সরকারের বিভিন্ন বাহিনীর উদ্দেশ্যমূলক নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ মানুষ।
আজ শনিবার বিকেলে ১০ দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের কালেক্টরেট স্কুল রোডের বাসভবন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ।
লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, শাহ মোহাম্মদ এমরান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহম্মেদ ফেরদৌস মানিক, যুবদল নেতা রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন কবির স্বপন ও ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।












