আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ওই বৈঠক হয় বলে জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সকাল ৯টায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল পল কাপুরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।
গত মঙ্গলবার রাতে দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা।












