• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক কারাগারে; ফখরুলের উদ্বেগ

প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪ ৯:৩১
আপডেট: সোমবার, ২০ মে, ২০২৪ ৯:৩১

9875896 1

ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক কারাগারে; ফখরুলের উদ্বেগ

জনতার আওয়াজ ডেস্ক
আদালত ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সোমবার (২০ মে) ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আবু আশফাকের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল বলেন, বিএনপি নেতা আবু আশফাক ঢাকার নবাবগঞ্জ ও দোহারের চারটি মামলায় আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আবু আশফাক। পরে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন দিলে কারামুক্ত হন তিনি। খন্দকার আবু আশফাক ঢাকার নবাবগঞ্জ উপজেলার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আবু আশফাক।

এদিকে, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে প্রথমে জামিন প্রদান এবং পরে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে।

সেটিরই ধারাবাহিকতায় খন্দকার আবু আশফাক, নজরুল ইসলাম ও মাসুদ পারভেজ এর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী ফ্যাসিষ্ট সরকার আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম্য এবং দাপটে মানুষ এখন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতেই সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া, গ্রেপ্তার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন। ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ।

জামিন নামঞ্জুর করে খন্দকার আবু আশফাককে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি আন্দোলন করলেও অত্যাচারিত হয়, আর বিশ্রাম নিলেও সরকার ভয় পায়। মনে করে এই বুঝি বিএনপি তাদের ক্ষমতা থেকে উৎখাত করলো। এই ভয় থেকেই সরকার বিএনপি’র জনপ্রিয় নেতাদের গ্রেপ্তার করছে। আমি আশফাকের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি। আবু আশফাককে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুণ রায় বলেন, গ্রেপ্তার করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকার যেভাবে বিরোধী নেতাকর্মীদের ওপর অন্যায়-জুলুম করছে তার জন্য একদিন হিসাব দিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com