• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:৩৫

9600885

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঢাকা-১৫ আসনের পানি ও গ্যাস সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন এবং অবৈধ খাল দখলমুক্ত করাসহ বিভিন্ন জনসমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন সরকারি ও বিরোধীদলের শীর্ষ নেতারা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানের যৌথ প্রতিশ্রুতি দিয়েছেন।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১ জুলাই) সকাল থেকে ঢাকা-১৫ আসনের চারটি স্থান-পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মনিপুর, বাইশটেকী এবং ইব্রাহিমপুরের পৃথক মতবিনিময় সভা ও সরজমিনে পরিদর্শন করেন তারা। এ সময় তারা স্থানীয় খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস-পানির সমস্যা এবং ডেঙ্গু মশা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের অভিযোগ শোনেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মত সরকারিদল ও বিরোধীদল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সব সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।’

এলাকার তীব্র পানি ও গ্যাস সংকট এবং কিশোর গ্যাংয়ের মত সমস্যাগুলো আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এমন একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন করার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘তারা প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। কারণ তিনি এই এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক। আমরা সরকারি দল ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে এলাকার সব উন্নয়ন কার্যক্রমে অংশীদার হব এবং জনগণকে সঙ্গে নিয়ে উন্নত ঢাকা গড়ে তুলব।’

অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সব সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা-১৫ আসন আমার এলাকা এবং বিরোধীদলীয় নেতার এলাকা। এই এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারিদল ও বিরোধীদল মিলেমিশে এলাকার জনগণের উন্নয়নে কাজ করে যাব।

তিনি ঢাকা-১৫ আসনের জনগণকে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি সমস্যা, গ্যাস সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি পরিষ্কার পরিছন্নতা অভিযানে ও ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সভায় বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রী ও প্রশাসক পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনের জন্য সহযোগিতার অনুরোধ জানান।

এই পাম্পগুলো নির্মাণের জন্য বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক প্রত্যেকে তাদের নিজস্ব তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com