ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার সময় ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকাল ৪টার কিছু পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য নীলক্ষেত মোড়ে জড়ো হন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্রের তোরণ অতিক্রম করার সময় তাদের পাইপ, স্টাম্প ও লাঠি নিয়ে হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মুক্তি ও গণতন্ত্রের তোরণের কাছেই মাটিতে লুটিয়ে পড়েন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল আমিনুল ও সহ-সাধারণ সম্পাদক সোহাগ মুন্সি। সেখানে তাদের স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনের নেতৃত্বে বেদম পেটানো হয়। লাল পলো শার্ট পরিহিত রিয়াজুল ইসলামের হাতে ছিল স্টাম্প।
কালোর ওপর সাদা ফোঁটা পলো টি-শার্ট পরিহিত শাহরিয়ার মুনের হাতে ছিল স্টাম্প। এছাড়া নীল পাইপ হাতে ও সাদা-নীল চেক শার্ট পরিহিত (মার্কেটিং বিভাগ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী) ছাত্রলীগকর্মী এস আসিফ হোসাইন এবং হাফ শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত (নৃবিজ্ঞান বিভাগ ২০১৯-২০ সেশনের) ছাত্রলীগকর্মী ওবায়দুল ইসলামের হাতও স্টাম্প ছিল। তাদের হামলায় তিন ছাত্রদল নেতাসহ (মাটিতে পড়ে যাওয়া) অন্তত ১৭ জন আহত হন।












