জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রেস সেক্রেটারি সালেহ শিবলী।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, চায়না বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর পরবর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির দিকে নজর রাখছে। তারা নির্বাচনের বিষয়টিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা হিসেবে দেখছে, তবে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আশা করছে।
তিনি আরও বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। খুব আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনাগুলো হয়েছে। সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত ম্যাডামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এরপর তারা আগামী দিনের কর্মপরিকল্পনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে অনেক মতবিনিময় করেছেন। রাষ্ট্রদূত জানিয়েছেন, পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন ও নির্বাচনে তারেক রহমানের ভূমিকার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।












