• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান খালেদা জিয়ার

প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ১১:৪৯
আপডেট: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ১১:৪৯

96663696 2 3

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান খালেদা জিয়ার

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণ যেভাবে কাজ করছে তা অব্যাহত রাখতে বলেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

ঈদুল ফিতরের দিন আজ শনিবার রাতে গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

বিএনপি চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশে কী বার্তা দিয়েছেন, এমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘বার্তা হচ্ছে দেশবাসী যেন ভালো থাকে। গণতন্ত্রের জন্য তারা যেভাবে কাজ করছে সেই কাজ যেন অব্যাহত থাকে। একইসঙ্গে তিনি আপনাদের (সাংবাদিকদের) ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানি্য়েছেন।’

আজ রাত ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির আট সদস্য গুলশানের বাসা ‘ফিরোজায়’ খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে আসেন। এক ঘণ্টার বেশি সময় সাক্ষাৎ শেষে নেতাদের নিয়ে বিএনপি মহাসচিব বাসার বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, ‘সৌজন্য এই সাক্ষাতে তিনি আমাদের কুশল জানতে চেয়েছেন এবং দলের যারা কারাগারে আছেন তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের যে কষ্ট সে সম্পর্কে তিনি অবহিত আছেন। দেশের হাজার হাজার মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেগুলো সম্পর্কেও তিনি অবহিত আছেন। যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, অর্থনীতির অবস্থা যে দিন দিন খারাপ হচ্ছে সেই বিষয়গুলো তিনি অবহিত আছেন এবং একইসঙ্গে আবহাওয়ার যে প্রচণ্ড তাপদাহ গেল এ বিষয়টাও উল্লেখ করে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তা নিয়েও তিনি কথা বলেছেন।’

প্রায় এক বছর পর দলের চেয়ারপারসনের সাথে দেখা হওয়ার বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘উনি কারাগারে যাওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ আমাদের অনেক সীমিত ছিল। তিনি বাসায় আসার পরে এই ঈদের দিনগুলোতে তার সঙ্গে দেখা করার সুযোগ পাই। আমাদের সঙ্গে আলোচনা অনেকদিন পর, সেজন্য সবাই কিছুটা আবেগ-আপ্লুত ছিলাম। আমরা আশা করি যে, আমরা খুব শিগগিরই তার সঙ্গে আরো ঘন ঘন সাক্ষাৎ করতে পারব এবং সামনে তিনি বেরিয়ে আসবেন।’

খালেদা জিয়া এখনো অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এখনো বেশ অসুস্থ। এখনো তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।’

মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান ফিরোজায় যান। ‘শারীরিক দূরত্ব বজায় রেখে’ ‘ফিরোজার দোতলায় দলীয় প্রধানের সাথে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ গত বছরের কোরবানির ঈদের দিন খালেদা জিয়ার দেখা পেয়েছিলেন এই নেতারা।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় বিএনপিপ্রধানকে। এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ৭৭ বয়সী খালেদা জিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com