জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “নারী সমাজের অধিকার ও সম্মান রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ। সুষ্ঠু, সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হলে জিতবে বাংলাদেশ, জিতবে বাংলাদেশের জনগণ।”
রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সুত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন জানান, সম্প্রতি কর্মজীবী নারীদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে ইশরাক বলেন, “ইনশাআল্লাহ, কোনও গোষ্ঠীকে নারীদের অধিকার হরণ বা তাদের ওপর নির্যাতনের সুযোগ আমরা দেবো না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত নারী নেতৃত্বের দৃষ্টান্ত অনুসরণ করে বিএনপি সবসময় নারী-পুরুষের সমান মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করে যাবে।”
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে তার ভাগ্যনির্ধারক উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি গত ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার ফিরে পেতে জেল-জুলুম, গুম ও খুনের শিকার হয়েছে। আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে জনগণ তাদের প্রতিনিধিদের কাছে স্বচ্ছভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির বিপুল জনসমর্থন দেখে প্রতিপক্ষ উসকানি দেওয়ার চেষ্টা করতে পারে। তবে আপনাদের অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হবে। কোনওভাবেই প্রতিপক্ষের পাতা উসকানিমূলক ফাঁদে পা দেওয়া যাবে না।” তিনি প্রকাশ করেন যে, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা জয়ী হবেন এবং তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন।
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ সাহেদ মন্টুসহ স্থানীয় পেশাজীবী ও সাধারণ জনগণ। গণসংযোগকালে ইশরাক হোসেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।












