• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফের বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৮

96625874 1

ফের বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিদ্যুতের ফের দাম বৃদ্ধিকে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১০ দফার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব সমাবেশ সফল করে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য জনগণের প্রতি আবেদন জানান।

বিবৃতিতে পাইকারি ও খুচরা পর্যায়ে ফের বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও ভ্রান্ত নীতির কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে রয়েছে। এর মধ্যে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী, তুঘলকী ও অযৌক্তিক সিদ্ধান্ত। মাত্র ১৯ দিন আগে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম এক দফায় বৃদ্ধি করেছে। ১৯ দিন পর আবার খুচরা ও পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে প্রতি জিনিসের দাম আবারও বৃদ্ধি পাবে। এই বোঝা জনগণ আর সহ্য করতে পারবে না।

তিনি বলেন, জনগণের সরকার নয় বলেই এই সরকার জনগণের চরম দুর্দিনে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, ভোজ্য তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বার বার বৃদ্ধি করছে। এ বিষয়ে সরকারের অনুশোচনা নাই, বরং এসব তুঘলকি কাণ্ডের পক্ষে নির্লজ্জের মতো মিথ্যাচার করছে। গণবিরোধী সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। গত বছর রেকর্ড হারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম এক মাসেই রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে খুচরা চালাকি করছে। এতদিন এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানি করে দাম বাড়াতো। সেখানেও সরকারের ইঙ্গিতে দাম বাড়ানো হতো। এবার সরকার নিজেই এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে দাম বাড়ানোর দায়িত্ব নিয়ে নিয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল বার বার জনগণকে দিতে হচ্ছে। অনুগত লোকদেরকে লাভবান করতে তাদেরকে দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করিয়ে বিদ্যুৎ উৎপাদন না করেই তাদেরকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকায় আঙুল ফুলে কলাগাছ বানানো হচ্ছে। সরকার ও তার অনুগতদের দুর্নীতি, লুটপাটের কারণে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। এই পকেট কাটা সরকারের বিরুদ্ধে জনগণ আজ জেগে উঠেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com