সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
আলসেমি করলে চলবে না, ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘুঘু ধান খেয়ে ফেলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ধানের শীর্ষের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। গুম, খুন ও মিথ্যা মামলার জবাব আগামী ১২ তারিখে বিজয়ের মাধ্যমে দিতে হবে। আমাদের বিজয় সুনিশ্চিত। আগামীতে ধানের শীষের সুনামি আসছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আরও বলেন, ‘তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তা থেকে কোনো মানুষ বাদ যাবে না। অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে। মনে রাখবেন, গণতন্ত্রের একমাত্র বন্ধু হচ্ছে বিএনপি। বিএনপি নেতা-কর্মীরা অতীতে অনেক চরম ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সাতকানিয়া-লোহাগাড়ার সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাব। শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে।’
পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন এ আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, হাজী রফিক আহমদ, সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, লোকমান হাকিম মানিক, মো. মহসিন ও এম এ রহিমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।












