নিউজ ডেস্ক
শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও, ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের বিপক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ অন্তত ২৫ জন নেতাকর্মীর স্বাক্ষরিত ওই রেজুলেশনে বলা হয় মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেননি। এজন্য তারা স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
রেজুলেশনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে না নিয়ে নির্বাচন করা যায় না।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, শাহজাহান ওমর বিগত দিনে এ আসনে একাধিকবার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময় তিনি প্রতিপক্ষ হিসেবে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করেন। তাই তিনি এখন তাদের নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাতে পারবেন না।
এরআগে, (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়ে শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করবো।












